যশোরের মনিরামপুরে এক প্রতিবন্ধী বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রী শারীরিকভাবে আঘাত করার পরই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী শেফালি বেগম (৫৫)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত আরিফুর রহমান (৮০) উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত লাল চাঁদ গাজীর ছেলে। তিনি স্থানীয় একটি পাঠাগারের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ডান পা পঙ্গু হওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে শেফালি বেগমকে বিয়ে করেন। তাদের দুই ছেলে বর্তমানে বিদেশে কর্মরত।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, মরদেহের কপালে একটি কাটা দাগ পাওয়া গেছে। তবে ওই আঘাতেই মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/এসএকে