ভালোবাসার এক নতুন গল্পে অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ভালোবাসার গল্প’ নাটকে অভিনয় করেছেন তারা। নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আরেক আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত।
তার সঙ্গে সহ-কাহিনিকার হিসেবে রয়েছেন অভ্র মাহমুদ। এর আগেও বহু নাটকে জুটি হয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ইয়াশ-তটিনী। মাঝে কয়েক মাসের বিরতি নিয়ে আবারও নতুন গল্পে কাজ করলেন দুজন।
একই নির্মাতার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘কাছে আসার সময়’, ‘কী মায়ায় জড়ালে’, ‘তাহার নামটি মায়া’, ‘রাইড শেয়ারিং’, ‘কত যে আপন’, ‘ভালোবাসায় আদরে’, ‘যে প্রেম এসেছিল’, ‘আমার থাকিস তুই’, ‘মিস ম্যাচ’ নাটকগুলোয় অভিনয় করেছে ইয়াশ-তটিনী জুটি।
নতুন এই রোমান্টিক নাটক প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দুই-তিনটি নাটক অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে একাধারে কাজ করে গেছেন। নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় আরও একটি রোমান্টিক গল্পে কাজ করা হয়েছে রিংকু ভাইয়ের পরিচালনায়। আশা করছি এটিও সবার ভালো লাগবে।
তটিনী বলেন, একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।
‘ভালোবাসার গল্প’ নাটকে আরও অভিনয় করেছেন- বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দিপা খন্দকার, মিলি বাসার, সার্জিল আহমেদ, ইশরাত অতিথি প্রমুখ।
শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও নির্মাতা ও প্রযোজক জানান।
সময়ের আলো/প্রিন্ট/জেডি