নড়াইলের লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পাওয়া এবং আপন ভাইদের হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে সেলিনা খানম।
লিখিত অভিযোগে সেলিনা খানম জানান, লোহাগড়া মৌজার ৬৯ নং দাগের ২৬ শতাংশ জমির মধ্যে পৈতৃক সূত্রে ৮ দশমিক ৬৮ শতাংশ জমি তার নামে আইনানুযায়ী রেকর্ডভুক্ত হয়, যার যাবতীয় বৈধ কাগজপত্র তার রয়েছে। সম্প্রতি নিজের চিকিৎসার খরচ মেটানোর তাগিদে গত ২৩ মে জমিটি লিয়াকত হোসেন লিপুসহ তিনজনের কাছে বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করেন তিনি।
তিনি আরও জানান, জমি বিক্রির পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্রেতাদের জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। সে সময় তার দুই ভাই জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খান উপস্থিত ছিলেন। কিন্তু পরবর্তীতে পৈতৃক সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করার উদ্দেশ্যে জাহিদুর রহমান খান সম্পূর্ণ বেআইনিভাবে লোহাগড়া থানায় বোন ও জমির ক্রেতাদের বিরুদ্ধে একটি মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সেলিনা খানম তার ভাইদের এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং নিজের পৈতৃক সম্পত্তির শান্তিপূর্ণ দখলস্বত্ত্ব বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমির ক্রেতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা এবং ভুক্তভোগী নারীর জামাতা জুবায়ের হোসেন।
সময়ের আলো/জোই