মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবায় বেড়ার চরাঞ্চল

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এখন মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবায় জর্জরিত। এক সময় উপজেলার মূল ভূখণ্ডের

2026-07-08T13:14:35+00:00
2026-07-08T13:14:35+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবায় বেড়ার চরাঞ্চল
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম 
সংগৃহীত ছবি
পাবনার বেড়া উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চল এখন মাদক ও অনলাইন জুয়ার ভয়াল থাবায় জর্জরিত। এক সময় উপজেলার মূল ভূখণ্ডের তুলনায় চরের জনপদগুলো শান্ত, সুশৃঙ্খল ও সামাজিকভাবে অধিকতর স্থিতিশীল হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি চরাঞ্চল ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভিন্ন এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

স্থানীয়দের মতে, উপজেলার অন্যান্য এলাকার মতো চরাঞ্চলেও এখন মাদক এবং অনলাইন জুয়ার বিস্তার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের প্রভাবে এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা যেমন বেড়েছে, তেমনি অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চল, চর নাকালিয়া, চর পেচাকোলা, চর সাড়াশিয়া, হাটাইল আড়ালিয়া এবং চর নাগদাহসহ বিভিন্ন চরের প্রভাবশালী পরিবারের কিছু তরুণও এই মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে এর প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এ কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।


চরাঞ্চলের একটি বিশ্বস্ত সূত্র জানায়, এসব দুর্গম চরে মূলত নৌপথ ব্যবহার করে মাদক প্রবেশ করছে। মাদক চোরাচালানের রুট হিসেবে নাকালিয়া বাজার খেয়াঘাট, নেওলাইপাড়া খেয়াঘাট এবং নগরবাড়ি খেয়াঘাটকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চল দিয়েও মাদক আসছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে ভৌগোলিক দুর্গমতার কারণে এসব তথ্যের শতভাগ সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চরাঞ্চলের একটি প্রভাবশালী বংশের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার কিছু তরুণ মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। অনেক পরিবার নিজ উদ্যোগেই তাদের সন্তানদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

চরের সচেতন নাগরিকরা জানান, তারা সামাজিকভাবে মাদক প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। যেমন— মসজিদের ইমামগণ খুতবায় মাদকের কুফল তুলে ধরছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।

মাদক ও জুয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে চরাঞ্চলের সচেতন ব্যক্তিরা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা তরুণ সমাজকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, চরাঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা এবং এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, চরাঞ্চলেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিন আগেও ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করতে আমরা চরে অভিযান চালিয়েছি। কোনোভাবেই যেন চরাঞ্চলে মাদক পাচার হতে না পারে, সেজন্য উপজেলার প্রতিটি নৌঘাট ও রুটে প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে।

মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনের তৎপরতাই যথেষ্ট নয় উল্লেখ করে ওসি চরাঞ্চলের সচেতন নাগরিকদেরও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সময়ের আলো/জোই




  বিষয়:   মাদক  অনলাইন জুয়া  ভয়াল থাবা  বেড়া  চরাঞ্চল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: