চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকার পাহাড়ধসে মাটিচাপায় সুমাইয়া (১২) নামে আরও এক শিশু মারা গেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে। ঘটনার পর সেখানে উপস্থিত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরপর মরদেহ উদ্ধার করা হয়। আমরা জেনেছি দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। কিন্তু পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত দুদিনে পাহাড় ধসে মোট চারজনের মৃত্যু হলো চট্টগ্রামে। এরমধ্যে মঙ্গলবার সকালে নগরীর রহমান নগরে এক যুবকের মৃত্যু হয়। ওই দিন বিকালে রাঙ্গুনিয়া উপজেলায় এক নারীর মৃত্যু হয়। বুধবার সকালে জঙ্গল সলিমপুরে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
সময়ের আলো/জোই