মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১১ জন গরু ব্যবসায়ী।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশুহাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ব্যবসায়ী উজ্জ্বল।
আহতরা হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা রহিদুল (৫৫), রাজা (৬০), চকশ্যামনগরের ওসমান (৪৪), ইসরাফিল (৫৫) ও কবির (৪২), মুজিবনগর উপজেলার মোনাখালির বাসিন্দা সাবদার আলী (৬০) ও ইসমাইল (৪৪), যাদবপুরের বাসিন্দা নাজমুল (২৫), রাধাকান্তপুরের লিটন (৩২), মোনাখালির রফিকুল(৫০) ও আলাল উদ্দীন(৪৫)।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/মহু