কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকায় অসাবধানতাবশত বৈদ্যুতিক বোর্ডে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বলদিপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে আবু সাইয়েদ (৬৮) এবং তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)। একই সাথে প্রবীণ এই দম্পতির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ ঘরের বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে যান আবু সাইয়েদ। এ সময় বিদ্যুৎ লাইনে ত্রুটি থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে দ্রুত এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। কোনো সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্বামীকে লাইনের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুতের তীব্র শকের কারণে ঘটনাস্থলেই প্রথমে স্বামী আবু সাইয়েদের মৃত্যু হয় এবং এর কিছুক্ষণের মধ্যে স্ত্রী রাবেয়া বেগমও মারা যান। পরবর্তীতে আশেপাশের লোকজন ঘরের ভেতর তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জেডি