মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
তিনি ২০২০ সালের আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব এবং ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সময়ের আলো/কেএইচও