চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে নগরীর ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পরিকল্পনা করা হচ্ছে। এজন্য চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। কাজ বাস্তবায়িত হলে অতিবৃষ্টির সময় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা কমবে এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রাখা যাবে।
যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু করা হবে। আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন।
সকালে ষোলশহর এলাকায় পৌঁছান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রেলওয়ের গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। তিনি জলমগ্ন এলাকায় পানিতে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৮ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে গেলে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। নিরাপত্তার জন্যই সাময়িক বন্ধ আছে ট্রেন চলাচল।
সময়ের আলো/জেডি