মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি নতুন একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের এইচএসসি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল। এবার সরকার ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে চায়।
তিনি আরও বলেন, অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের বৃত্তি দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
তিনি জানান, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়া হবে।
সময়ের আলো/কেএইচও