প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৪০ এএম

শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শাহীদ। ছবি : সংগৃহীত
শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শাহীদ। ছবি : সংগৃহীত বাংলাদেশ সফর করছেন শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শাহীদ। সোমবার (২৩ নভেম্বর) সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্র সচিব ফরিদা শাহীদকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় তিনি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বৈঠকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা সম্প্রসারণ এবং কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা জোরদার করার মতো সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। পাশাপাশি দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে সরকারের নেয়া পরিকল্পনা ও কর্মসূচির বিষয়েও তাকে অবহিত করেন।
পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে শিক্ষার অধিকারের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক সংলাপ ও অর্থবহ আলোচনা হবে। সফরের পর বিশেষ র্যাপোর্টিয়ারের পর্যবেক্ষণ ও সুপারিশগুলো দেশের শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া সফরকালে তাকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশের শিক্ষানীতি, গৃহীত উদ্যোগ এবং চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে এটিই ফরিদা শাহীদের প্রথম বাংলাদেশ সফর। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া তার এই সফর আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
সময়ের আলো/কেএইচও