সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির নেতারা। ছবি : সংগৃহীত ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার পক্ষে মত দিয়েছেন সরকার ও বিরোধী দলের নেতারা। তাদের মতে, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ মোকাবিলা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা।
এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ৩৫ মিনিটের এই বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, রাজনৈতিক ঐক্য, সংস্কার ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সব গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এনসিপির নেতারাও তাদের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরেন। তারা রাজনৈতিক দল ও জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান এবং দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চলতি সপ্তাহে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে। পৃথক বৈঠকে দলগুলোর মতামত ও প্রস্তাব নিয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। প্রয়োজনে পরে সর্বদলীয় বৈঠকও হতে পারে।
ঐক্য অটুট রাখার আহ্বান
এনসিপির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় এই ঐক্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মতের মানুষ এক হয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ছিল মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এনসিপির সঙ্গে আলোচনায় সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
মাহদী আমিন বলেন, পতিত ফ্যাসিবাদের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো একসঙ্গে রয়েছে। এনসিপির সঙ্গে এরপর পৃষ্ঠা ৫ কলাম ১
ঐক্য অটুটে রোডম্যাপ তালাশ
আলোচনায় কোনো শর্ত ছিল না। দলটির প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।
তিনি আরও বলেন, নতুন করে ঐক্য গড়ার প্রয়োজন নেই। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই জাতীয় ঐক্যের দৃঢ় ভিত্তি তৈরি হয়েছে। বর্তমান সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।
সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, নির্বাচনি ইশতেহার ও জাতীয় জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।
রোডম্যাপ চেয়েছে এনসিপি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চেয়েছেন তারা।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে এক জায়গায় এনে দেশকে এগিয়ে নিতে একটি সুস্পষ্ট ভিত্তি ও কর্মপরিকল্পনা প্রয়োজন। এ উদ্যোগ শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে চলবে না। আওয়ামী লীগ ও ভারতের বিষয়গুলো দীর্ঘমেয়াদে মোকাবিলা করতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থানের অভাবে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তারা মনে করেন।
তিনি বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার প্রস্তাবও দিয়েছেন তারা।
সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়েও সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান নাহিদ। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি এবং সংস্কৃতিকর্মীদের সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিতে সরকারকে পরামর্শ দিয়েছে এনসিপি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি