প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি : সংগৃহীত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর পরিচালিত প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করে প্রতারিত হওয়া যাবে না।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
সময়ের আলো/এসএকে