প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত দেশে হামের সংক্রমণ শুরুর আট মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো মৃত্যুশূন্য দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত বা সন্দেহজনক—কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে নতুন করে ৯৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক রোগী পাওয়া গেছে আরও ১ হাজার ৩২১ জন।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া নিশ্চিত হাম রোগীদের মধ্যে ৫৩ জন ঢাকা বিভাগের, ৩৫ জন সিলেট বিভাগের এবং ৮ জন চট্টগ্রাম বিভাগের। দেশের অন্য পাঁচ বিভাগ—ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে এ সময়ে নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
অন্যদিকে, সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আট বিভাগেই। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুরে ২২ জন রয়েছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক রোগী পাওয়া গেছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও সন্দেহজনক হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২ জন।
সময়ের আলো/এসএকে