প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৯ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ছবি : সংগৃহীত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি)। এ জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
চুক্তির একটি শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণ বা সামরিক স্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ প্রকল্পটি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, সরকার অগ্রিম পাবে ৮১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ ছাড়া টার্মিনালের আয়ের কমপক্ষে ২৭ শতাংশ পাবে সরকার। তবে প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় অগ্রিম অর্থের পরিমাণ খুবই কম। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে ১০০ কোটি টাকার অগ্রিম অর্থ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ। চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২.৫ ডলার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রস্তাবের ভিত্তিতে এ ফি নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের অন্য টার্মিনাল ও দেশের অন্যান্য বিমানবন্দরের জন্যও এমবারকেশন ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বেবিচক। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক যাত্রীদের বিদ্যমান ৫০০ টাকা বা প্রায় ৪ ডলারের পরিবর্তে ৬ ডলার ফি দিতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রীদের এমবারকেশন ফি ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যান্য কর ও ফির সঙ্গে এসব চার্জও উড়োজাহাজের টিকেটের মূল্যের সঙ্গে যুক্ত হবে। ফলে আকাশপথে ভ্রমণের খরচ বাড়তে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এটি ছিল ১৯তম বৈঠক। আর ২০২৬ সালে কমিটির ৩৮তম বৈঠক ছিল এটি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি