বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়েছে সরকার। এর ফলে চলতি জুলাই মাস থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০১৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারিত ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,১ জুলাই ২০২৬ তারিখ থেকে ওই সাড়ে ৭ শতাংশের অতিরিক্ত আরও সাড়ে ৭ শতাংশ যোগ হয়ে এখন থেকে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি আমলা ও শিক্ষকদের মতো বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে সারা দেশের সাড়ে ৫ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি মাস থেকেই এই নতুন হার কার্যকর হবে।
সময়ের আলো/ইউএমএইচ