বিশ্বকাপ যত শেষের দিকে এগোয়, স্টেডিয়ামের টিকেটের দাম ততই আকাশছোঁয়া হয়। কিন্তু এবার ঘটেছে ঠিক উল্টো চিত্র। শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই সেকেন্ডারি মার্কেটে টিকেটের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়ের পর দর্শকদের আগ্রহে ভাটা পড়ায় টিকেটের মূল্যও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
বৃহস্পতিবার রাত থেকে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। তবে এই পর্ব শুরুর আগেই টিকেট বিক্রির সেকেন্ডারি মার্কেটপ্লেস টিকপিক জানিয়েছে, শুক্রবার স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকেটের দাম প্রায় ২ হাজার ৯৫০ ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) থেকে নেমে এসেছে প্রায় ১ হাজার ২০০ ডলারে (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা)।
এই বড় মূল্যপতনের অন্যতম কারণ শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের পরাজয়। সহ-আয়োজক দেশের বিদায়ে কোয়ার্টার ফাইনাল ঘিরে স্থানীয় সমর্থকদের আগ্রহ অনেকটাই কমে গেছে। যুক্তরাষ্ট্র টিকে থাকলে টিকেটের চাহিদা আরও বাড়বে বলেই ধারণা ছিল।
দামের পতনের আরেকটি বড় কারণ পর্তুগালের বিদায়। শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারও। ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণের বিদায় টিকেটের বাজারেও সরাসরি প্রভাব ফেলেছে।
অনেক সমর্থকের প্রত্যাশা ছিল কোয়ার্টার ফাইনালে হয়তো যুক্তরাষ্ট্র ও পর্তুগালের মুখোমুখি দেখা যাবে। স্বাগতিক দেশের উপস্থিতি এবং রোনালদোর মতো বৈশ্বিক সুপারস্টার ঘিরে সেই ম্যাচের টিকেটের চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারত। কিন্তু দুদলের বিদায়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
বর্তমানে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকেট। টিকপিকের তথ্য অনুযায়ী, ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকেটের দাম শুরু হচ্ছে মাত্র ৯৮৯ ডলার থেকে।
শেষ ষোলোয় ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে আর মরক্কো ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সহ-আয়োজক কানাডাকে। অন্যদিকে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র গোল না খাওয়া দলও স্পেন।
শনিবার রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। পরদিন সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে শেষ আটের উত্তেজনা টিকেটের বাজারে আবারও নতুন প্রাণ ফেরাতে পারে কি না।
সময়ের আলো/আরবিএন