প্রায় দুই দশক পর মিসরের মঞ্চ মাতাতে আসছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর দেশটির ঐতিহাসিক গিজার পিরামিডে একটি জমকালো কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি।
ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে সর্বশেষ একই স্থানে পারফর্ম করেছিলেন তিনি।
প্রায় ২০ বছর পর সাকিরার এই প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সংগীত আয়োজন হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি কলম্বিয়ার এই সুপারস্টারের ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়েছে।
মিসরে আন্তর্জাতিক তারকাদের নিয়ে আসার ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে শাকিরার এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। এর আগে এই বিনোদন সংস্থাটির হাত ধরে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীরা মধ্যপ্রাচ্যে পারফর্ম করে গেছেন। সম্প্রতি শাকিরার নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বজুড়ে একাধিক সফল পারফরম্যান্সের পর, তার এই মিসর প্রত্যাবর্তন মূলত ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ ট্যুরেরই একটি অংশ। ৩০ বছরেরও বেশি সময় ধরে সংগীত জগতে রাজত্ব করা এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।
তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং ল্যাটিন গ্র্যামি পুরস্কার। ল্যাটিন সংগীতের অন্যতম সফল এই বিশ্ব তারকা সম্প্রতি তার নতুন গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন। গানটি ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনায় এসেছে, কারণ এটি চলমান বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় স্থান পেয়েছে। বিশ্বকাপের মঞ্চে এবার প্রথম নয়, এর আগেও গেয়েছেন শাকিরা। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে তো চিরস্মরণীয় হয়ে গেছেন তিনি।
বিশ্বকাপ ফুটবলের ‘দাই দাই’ গানের রেশ না কাটতেই মিসরের মঞ্চে ফেরার খবরটি শাকিরাকে ভীষণভাবে আনন্দিত করেছে। এক বিবৃতিতে শাকিরা বলেন, মিসরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার ভক্তদের সবাইকে অনেক ভালোবাসি।
বিশ্বজুড়ে শাকিরার ভক্তদের জন্য ঐতিহাসিক পিরামিডের সামনে তার এই পারফরম্যান্স একটি দারুণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। হতে যাওয়া এই আয়োজন নিঃসন্দেহে ২০২৬ সালের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আসর।
সময়ের আলো/আরবিএন