ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পারস্য উপসাগরীয় উপকূলসংলগ্ন দুটি পৃথক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অতিরিক্ত হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।
বুধবার (৮ জুলাই) ইরানের বার্তা সংস্থা মেহের ও ফার্স নিউজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস এবং সিরিক কাউন্টিতে স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের কারণ কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
মেহেরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দর আব্বাসের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং তারা শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু মোকাবিলা করছে।
এদিকে, প্রবল বিস্ফোরণের পর চাবাহার এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় ইরানের ওপর অতিরিক্ত হামলা শুরু করেছে তাদের বাহিনী।
সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার যে সক্ষমতা ইরানের রয়েছে, তা আরও দুর্বল করে দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের সাম্প্রতিক আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হচ্ছে। হরমুজ প্রণালিতে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের ‘অন্যায় ও অযাচিত আগ্রাসনের’ জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে সেন্টকম।
সময়ের আলো/আরবিএন