ভাগ্য পরীক্ষায় বাজিমাত সুইজারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

খেলা

টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় শেষ হাসি হাসল সুইজারল্যান্ড। ১২০ মিনিটের নিষ্প্রভ লড়াইয়ে গোলের দেখা না মিললেও ভাগ্য নির্ধারণের মঞ্চে ছিল তাদেরই

2026-07-09T04:30:05+00:00
2026-07-09T04:30:05+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
খেলা
ভাগ্য পরীক্ষায় বাজিমাত সুইজারল্যান্ডের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৩০ এএম 
সংগৃহীত ছবি
টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় শেষ হাসি হাসল সুইজারল্যান্ড। ১২০ মিনিটের নিষ্প্রভ লড়াইয়ে গোলের দেখা না মিললেও ভাগ্য নির্ধারণের মঞ্চে ছিল তাদেরই প্রভাব। কলম্বিয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে টাইব্রেকারে ৪-৩ গোল হারিয়ে শেষ আটে ওঠে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইসরা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কানাডার ভ্যাঙ্কুভারে ম্যাচে শুরুতে দুদলই ছিল সতর্ক। প্রথম ভালো সুযোগ আসে ২১ মিনিটে। গুস্তাভো পুয়ের্তার জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন সুইস গোলরক্ষক। ৩১ মিনিটে প্রথম পরীক্ষায় পড়েন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। ফাবিয়ান রিয়েদেরের শট তিনি আটকে দেন। দুই মিনিট পর দান এনদোয়ের চেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। কিন্তু দুদলই শেষ মুহূর্তে ছিল নিষ্প্রভ। ফলে গোলের দেখা মেলেনি। ৬৩ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেস। গোলরক্ষককে সামনে পেয়েও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। গোল শূন্যে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে কর্নার থেকে লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পর ভালো অবস্থান থেকেও গোল করতে পারেননি লুইস দিয়াস। ম্যাচের শেষ দিকে সবচেয়ে বড় সুযোগ পান হামিন্তন কাম্পাস। একা গোলরক্ষকের মুখোমুখি হয়েও তিনি শট বাইরে মারেন।


শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে জয়ের নায়ক হয়ে উঠেন গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডও নিশ্চিত করে বহু প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালের টিকেট। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা সুইসদের শেষ আটে প্রতিপক্ষ শিরোপাধারী আর্জেন্টিনা, যারা আসরের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে।

টাইব্রেকারে প্রথম শটে দুদলই গোল করে। দ্বিতীয় শটে দাভিনসন সানচেস লক্ষ্যভ্রষ্ট হন। সেই সুযোগ কাজে লাগিয়ে জিকি আমদুনি গোল করেন। তাতেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। তৃতীয় শটে কলম্বিয়া সফল হলেও সুইজারল্যান্ডের মানুয়েল আকঞ্জি শট বাইরে মারেন। ফলে সমতায় থাকে দুদল। চতুর্থ শটে কুচো এর্নান্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক গ্রেগর কোবেল। এরপর সেদ্রিক গোল করে আবারও সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। লুইস দিয়াস পরের শটে গোল করে সমতা ফেরান। তবে শেষ শটে রুবেন ভার্গাস কোনো ভুল করেননি। তার গোলেই নিশ্চিত হয় সুইজারল্যান্ডের জয়।

শেষ আটে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শেষে সুইস কোচ ইয়াকিন বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা বিশেষ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর চেষ্টা করব। আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি।’

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সুইজারল্যান্ড  টাইব্রেকার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: