বৃষ্টির দিনে অফিসে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আর্দ্র আবহাওয়া ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং সময়মতো পৌঁছাতে কয়েকটি টিপস অনুসরণ করতে পারেন।
আবহাওয়ার পূর্বাভাস দেখে বের হন : ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার অভ্যাস করুন। কখন বৃষ্টি শুরু হতে পারে বা কতক্ষণ স্থায়ী হতে পারে, তা জেনে বের হলে যাতায়াতের পরিকল্পনা করা সহজ হয়। প্রয়োজনে কিছুটা আগে বের হলে অপ্রত্যাশিত যানজটের প্রভাবও কম পড়ে।
ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন : বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি ভালো মানের ছাতা বা হালকা রেইনকোট সঙ্গে রাখুন। এতে হঠাৎ বৃষ্টি শুরু হলেও ভিজে যাওয়ার আশঙ্কা কম থাকবে। ব্যাগে সহজে রাখা যায় এমন ভাঁজ করা ছাতা প্রতিদিন বহনের জন্য সুবিধাজনক।
ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিস সুরক্ষিত রাখুন : ল্যাপটপ, মোবাইল, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা চার্জারের মতো জিনিসপত্র জলরোধী ব্যাগ বা আলাদা ওয়াটারপ্রুফ পাউচে রাখুন। এতে বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
উপযুক্ত পোশাক ও জুতা বেছে নিন : বৃষ্টির দিনে খুব ভারী বা সহজে পানি শোষণ করে এমন পোশাক এড়িয়ে চলুন। দ্রুত শুকিয়ে যায় এমন কাপড়ের পোশাক পরা সুবিধাজনক। পাশাপাশি রাবারের স্যান্ডেল, জলরোধী জুতা বা ভালো গ্রিপযুক্ত ফুটওয়্যার ব্যবহার করলে পিচ্ছিল রাস্তায় হাঁটাও নিরাপদ হয়।
বিকল্প রুট মাথায় রাখুন : বর্ষাকালে অনেক এলাকায় জলাবদ্ধতা বা অতিরিক্ত যানজট দেখা দেয়। তাই অফিসে যাওয়ার একাধিক রাস্তা সম্পর্কে আগে থেকেই ধারণা রাখুন। একটি পথ বন্ধ থাকলে অন্য পথ ব্যবহার করে সময় বাঁচানো সম্ভব।
গণপরিবহনের সময়সূচি জেনে নিন : যারা বাস, মেট্রোরেল বা ট্রেনে যাতায়াত করেন, তারা বের হওয়ার আগে সময়সূচি বা সম্ভাব্য বিলম্বের তথ্য জেনে নিতে পারেন। এতে অযথা অপেক্ষা করতে হবে না এবং পরিকল্পনা অনুযায়ী যাত্রা করা সহজ হবে।
অতিরিক্ত সময় হাতে রাখুন : বৃষ্টির দিনে স্বাভাবিকের তুলনায় যাতায়াতে বেশি সময় লাগতেই পারে। তাই প্রতিদিনের চেয়ে অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে বের হওয়ার চেষ্টা করুন। এতে দেরি হওয়ার চাপ কমবে এবং যাত্রাও হবে অনেকটা স্বস্তিদায়ক।
নিরাপত্তাকে অগ্রাধিকার দিন : ভারী বৃষ্টির সময় জলাবদ্ধ রাস্তা, খোলা ম্যানহোল বা পিচ্ছিল ফুটপাতের মতো ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন। মোটরসাইকেল বা সাইকেল চালালে গতি নিয়ন্ত্রণে রাখুন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে কিছুক্ষণ অপেক্ষা করুন।
টিস্যু পেপার রাখুন : ব্যাগে টিস্যু পেপার রাখুন। এটি আপনাকে পরিচ্ছন্ন থাকতে সাহায্য করবে। রাস্তায় চলতে গিয়ে বৃষ্টির কারণে জমে থাকা কাদা পানি পায়ে বা প্যান্টে লাগলে তা পরিষ্কার করার জন্য এটি কাজে দেবে। এর ফলে বৃষ্টিতে ভিজে গিয়ে রাস্তায় বিব্রতকর অবস্থায় পড়তে হবে না।
অফিসের ড্রয়ারে মাইক্রোফাইবার তোয়ালে রাখুন : ছোট আকারের মাইক্রোফাইবার তোয়ালে খুব দ্রুত পানি শুষে নেয় এবং দ্রুত শুকিয়ে যায়। বৃষ্টিতে ভিজে গেলে মুখ, হাত বা চুল মুছে নেওয়ার জন্য এটি বেশ কার্যকরী। ভিজে অফিসে গেলে যেন হাত, মুখ ও চুল মুছে নিতে পারেন তাই ড্রয়ারে এ রকম একটি তোয়ালে রাখলে নিজেই উপকৃত হবেন।
সময়ের আলো/জেডআই