ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। দুনিয়ার জীবনে সঠিক পথে চলার পাশাপাশি পরকালে সফলতা অর্জনের জন্যও ইসলামের বিধান অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতদের দৈনন্দিন জীবনের ছোট-বড় সব বিষয়ে উত্তম আদব ও শিষ্টাচার শিক্ষা দিয়েছেন।
ইসলামি শিষ্টাচারের অন্যতম একটি বিষয় হলো, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। রাসুলুল্লাহ (সা.) নিজেও সবসময় ডান দিককে প্রাধান্য দিতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) তাঁর সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন, যেমন অজু করা, চুল আঁচড়ানো এবং জুতা পরার ক্ষেত্রে।‘ (আবু দাউদ, হাদিস : ৪০৯৩)
পানি পান করার ক্ষেত্রেও ডান হাত ব্যবহার করা ইসলামের গুরুত্বপূর্ণ শিষ্টাচারের অংশ। রাসুলুল্লাহ (সা.) বাম হাতে খাওয়া ও পান করা থেকে নিষেধ করেছেন। হজরত আবদুল্লাহ ইবনু উমার (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন বাম হাতে আহার না করে এবং বাম হাতে পান না করে। কেননা শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে।’ (তিরমিজি, হাদিস : ১৮০৬-১৮০৭)
তবে বাস্তব জীবনে একটি প্রশ্ন প্রায়ই দেখা যায়— খাওয়ার সময় যখন ডান হাতে খাবার থাকে, তখন অনেকে বাম হাতে পানির গ্লাস ধরে ডান হাতের সহায়তায় পানি পান করেন। আবার কেউ কেউ বাম হাতে গ্লাস ধরে নিচে ডান হাত ঠেকিয়ে পানি পান করেন। এভাবে পানি পান করা শরিয়তসম্মত কি না, তা নিয়েও অনেকে জানতে চান।
ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, খাবার খাওয়ার সময় যদি প্রয়োজনের কারণে কেউ বাম হাতে পানির গ্লাস ধরে ডান হাতের সহযোগিতায় পানি পান করেন, তাহলে তা জায়েজ রয়েছে। তবে উত্তম ও সুন্নাতসম্মত পদ্ধতি হলো সরাসরি ডান হাত দিয়ে পানি পান করা।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) একবার এক ব্যক্তিকে বাম হাতে খেতে দেখে তাকে ডান হাতে খাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ থেকে বোঝা যায়, খাবার ও পানীয় গ্রহণের ক্ষেত্রে ডান হাতের ব্যবহার সুন্নতের অন্তর্ভুক্ত এবং যথাসম্ভব তা মেনে চলা উচিত।
খাওয়ার সময় অনেকের ডান হাতে খাবার লেগে থাকে। এ কারণে পানি পান করতে গিয়ে অসুবিধা হলে আঙুল পরিষ্কার করে ডান হাতেই পানির গ্লাস ধরা উত্তম। এটি সুন্নতের অধিকতর কাছাকাছি একটি পদ্ধতি।
তবে কেউ যদি খাবার খাওয়ার সময় প্রয়োজনের কারণে বাম হাতে গ্লাস ধরে ডান হাতের সাহায্যে পানি পান করেন, তাহলে এটিকে সরাসরি গুনাহের কাজ বলা ঠিক নয়। অনেক আলেম এ ক্ষেত্রে সহজতার দিকটি বিবেচনা করেছেন। তবে মুসলমানের জন্য সর্বোত্তম হলো রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো আদব অনুসরণ করে সম্ভব হলে ডান হাত দিয়েই পানি পান করা।
সময়ের আলো/এসএকে