টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা এবং পাহাড় ও দেয়ালধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ৯ থেকে ১৫ জুলাই ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা।
বুধবার (৮ জুলাই) নগরের বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মহানগর জামায়াতের জরুরি দায়িত্বশীল বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতা, পাহাড়ধস ও দেয়ালধসে মানুষের জানমাল এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তিনি বলেন, বাকলিয়া, বায়েজিদ, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, খাতুনগঞ্জ, ডবলমুরিং, পতেঙ্গা ও হালিশহরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জবাবদিহির অভাবে এসব প্রকল্প কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তিনি।
পাশাপাশি সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ সফলভাবে পালনের ঘোষণা দেন।
সময়ের আলো/কেএইচও