বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগের আমলে যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, তেমনি বর্তমান সরকার যদি ‘ফ্যামিলি কার্ডের গণতন্ত্র’ ও ‘কৃষি কার্ডের গণতন্ত্র’ দিয়ে জনগণকে সন্তুষ্ট করতে চায়, তবে তার পরিণতিও ভিন্ন হবে না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘ছোটবেলায় খেলাধুলায় যেসব শিশু খেলতে পারত না, তাদের দুধভাত হিসেবে দলে রাখা হতো। আমরা আমাদের জোটের মধ্যে বিএনপিকে দুধভাত হিসেবে রাখতে চেয়েছিলাম। কিন্তু তারা এখন ফাউল করা শুরু করেছে। সেই ফাউলের কারণে যদি তারা লাল কার্ড পেয়ে যায়, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
তিনি বলেন, অতীতে প্রতিটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষে বিএনপির ওপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। কারণ, ক্ষমতায় গিয়ে তারা প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করেনি। এবার আর বিএনপির ওপর নির্ভর না করে বিকল্প পথ বেছে নেওয়া হচ্ছে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের এই ইস্পাতকঠিন ঐক্য আরও দৃঢ় হবে। এই ঐক্য একসময় বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে।
তিনি আরও বলেন, এই জুলাই মাসের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেন। নিয়মতান্ত্রিকভাবে যদি না খোলা হয়, তাহলে এটা নিয়েও বড় ধরনের ক্যাঁচাল হবে।
সময়ের আলো/কেএইচও