বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ সদর উপজেলার উকিলপাড়া গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম বিকেলে ইমিগ্রেশন কাউন্টারে আসেন। পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করার সময় স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। এরপরই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার কারণেই বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তার নাম স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ঝিনাইদহ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে, তারা পৌঁছালেই আসামিকে তাদের কাছে সোপর্দ করা হবে।
সময়ের আলো/মহু