রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০) গুরুতর আহত ও গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি বাসার সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে অস্ত্রসহ শান্ত ভূঁইয়া (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম জানান, মিরপুর ১০ নম্বর সেনপাড়া পর্বতা এলাকায় তাদের নিজেদের বাসা। সাইফুল ইসলাম সিজু মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনের পাশাপাশি ওই বাসার দ্বিতীয় তলায় ‘এসটি’ নামের একটি ইন্টারনেট (নেট) ব্যবসা পরিচালনা করেন।
রাতে তিনি নিজের বাসার সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ তিন-চারজনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে। দুর্বৃত্তদের ছোড়া গুলি সিজুর দুই পায়ে ও কোমরে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সাইদুল ইসলাম আরও জানান, গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে পালিয়ে যাওয়ার সময় শান্ত ভূঁইয়া নামের ওই যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে। তবে কী কারণে তার দুলাভাইয়ের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজুর দুই পায়ে ও কোমরে গুলির আঘাত রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার নিবিড় চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মিরপুর থানা পুলিশ জানান, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার পেছনের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
সময়ের আলো/জেডি