আজ দানবীর হাজী মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী

সময়ের আলো ডেস্ক

বিবিধ

দানশীলতা ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী উপমহাদেশের কিংবদন্তি দানবীর হাজী মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। সম্পদের প্রতি মোহ ত্যাগ

2026-11-29T10:45:41+00:00
2026-11-29T10:47:46+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিবিধ
আজ দানবীর হাজী মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১০:৪৭ এএম
হাজী মুহাম্মদ মহসিন। ছবি : সংগৃহীত
হাজী মুহাম্মদ মহসিন। ছবি : সংগৃহীত
দানশীলতা ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী উপমহাদেশের কিংবদন্তি দানবীর হাজী মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। সম্পদের প্রতি মোহ ত্যাগ করে মানুষের কল্যাণে নিজের বিপুল সম্পদ বিলিয়ে দেওয়ায় তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে তিনি শ্রদ্ধার পাত্র।

১৭৩২ সালের ৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন হাজী মুহাম্মদ মহসিন। তার বাবা হাজী ফয়জুল্লাহ ছিলেন ইরান থেকে বাংলায় আসা একজন ধনী জায়গিরদার। মা জয়নব খানমেরও হুগলি, যশোর, মুর্শিদাবাদ ও নদীয়ায় প্রচুর জমিজমা ছিল। বোন মন্নুজানের মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে তার সম্পত্তির মালিক হন মহসিন।

বিপুল সম্পদের মালিক হলেও তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। তিনি ছিলেন ধার্মিক, নিরহঙ্কারী ও চিরকুমার। নিজের প্রতিষ্ঠিত ইমামবাড়ার প্রাসাদে না থেকে পাশের একটি ছোট কুটিরে বসবাস করতেন। কুরআন শরিফ নকল করে পাওয়া অর্থ দিয়ে নিজের খরচ চালাতেন। নিজ হাতে রান্না করে অধীনস্তদের সঙ্গে বসে খাবার খেতেন।


গৃহশিক্ষকের কাছে প্রাথমিক শিক্ষা নেওয়ার পর উচ্চশিক্ষার জন্য মুর্শিদাবাদ যান তিনি। শিক্ষা শেষে মক্কা, মদিনা, কুফা, কারবালাসহ ইরান, ইরাক, আরব ও তুরস্কের বিভিন্ন স্থান ভ্রমণ করেন। দীর্ঘ ২৭ বছর পর দেশে ফেরেন।

শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই দানবীর। তার ওয়াকফ করা অর্থে হুগলি মহসিন কলেজ ও চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রতিষ্ঠায় অর্থায়ন করা হয়। তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়।

১৭৬৯-৭০ সালের দুর্ভিক্ষের সময় তিনি বিভিন্ন স্থানে লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন এবং সরকারি তহবিলে অর্থ সহায়তা দেন। ১৮০৬ সালে তিনি ‘মহসিন ফান্ড’ নামে একটি তহবিল প্রতিষ্ঠা করেন। ধর্মীয় কর্মকাণ্ড, পেনশন, বৃত্তি ও বিভিন্ন দাতব্য কাজে এই তহবিলের অর্থ ব্যয় করা হতো। এর মাধ্যমে অসংখ্য দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরি হয়।

১৮১২ সালের ২৯ নভেম্বর হুগলিতে ইন্তেকাল করেন হাজী মুহাম্মদ মহসিন। তাকে সেখানকার ইমামবাড়ায় দাফন করা হয়। তার স্মৃতিকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের নামকরণ করা হয়েছে। এ ছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটির নাম বিএনএস হাজী মহসিন। শিক্ষা ও মানবকল্যাণে অবদানের কারণে আজও মানুষের শ্রদ্ধায় স্মরণীয় হয়ে আছেন এই মহান দানবীর।

সময়ের আলো/মহু
  বিষয়:   দানবীর  হাজী মুহাম্মদ মহসিন  মৃত্যুবার্ষিকী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: