তিন দেশে উদ্বোধনী আয়োজনের পর এবার বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠের লড়াইয়ের পাশাপাশি মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বসংগীতের একঝাঁক শীর্ষ তারকা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিশেষ ‘হাফ টাইম শো’-তে পারফর্ম করবেন পপ তারকা জাস্টিন বিবার, লাতিন সম্রাজ্ঞী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস।
পপ ডিভা ম্যাডোনাও এই জমকালো আয়োজনে তাদের সঙ্গে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ইএসপিএন।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ফাইনাল ম্যাচের বিরতিতে মোট ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে। ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র প্রধান গায়ক ক্রিস মার্টিনের সার্বিক তত্ত্বাবধানে সাজানো এই মেগা ইভেন্টের মূল উদ্দেশ্য হলো ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০ কোটি ডলার তহবিল সংগ্রহ করা। এই সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।
ঐতিহাসিক এই মহোৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপের মতো এমন আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এর চেয়েও বড় বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তা করা হচ্ছে।”
অন্যদিকে, চলতি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর অন্যতম শিল্পী ও নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়ও এই শোতে গাইবেন। ফাইনালে আফ্রিকার প্রতিনিধিত্ব করাকে তিনি বড় সম্মান ও দায়িত্ব বলে উল্লেখ করেছেন।
সংগীত তারকাদের পাশাপাশি এই মেগা শোতে অংশ নেবে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় কোরাস দল ‘পিএস২২ কোরাস’, যাদের সাথে মঞ্চে পারফর্ম করবে ব্যান্ড কোল্ডপ্লেও।
এছাড়াও বিশ্বজুড়ে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’ ও ‘দ্য মাপেটস’-এর কারমিট দ্য ফ্রগ এবং মিস পিগির মতো বিখ্যাত মাপেট চরিত্রগুলোকেও এই আয়োজনে দেখা যাবে। ক্রীড়া ও বিনোদনের এই অভূতপূর্ব মেলবন্ধন বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক সরাসরি উপভোগ করবেন।
সময়ের আলো/জেডি