‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ সংশোধন করে নতুন নামে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’ এবং ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ সংশোধন করে ‘লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’ প্রণয়নের লক্ষ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্যরা হলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন অনুবিভাগ), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের একজন আইন কর্মকর্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি বাস্তব চাহিদার ভিত্তিতে বিদ্যমান আইন সংশোধন, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করে নতুন ও যুগোপযোগী আইনের খসড়া প্রণয়ন করবে। প্রয়োজনে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করতে পারবে। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন প্রণয়নের সংশোধিত খসড়া শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন