না ফেরার দেশে ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ খ্যাত পপ তারকা বনি টাইলার

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আশির দশকের বিশ্বখ্যাত কালজয়ী গান ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-র কণ্ঠশিল্পী, ওয়েলশ পপ-রক তারকা বনি টাইলার আর নেই। বুধবার (৮

2026-07-09T20:54:06+00:00
2026-07-09T20:54:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
না ফেরার দেশে ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ খ্যাত পপ তারকা বনি টাইলার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম 
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-র কণ্ঠশিল্পী বনি টাইলার। সংগৃহীত ছবি
আশির দশকের বিশ্বখ্যাত কালজয়ী গান ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-র কণ্ঠশিল্পী, ওয়েলশ পপ-রক তারকা বনি টাইলার আর নেই। বুধবার (৮ জুলাই) পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৭৫ বছর। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বনি টাইলারের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সঙ্গে এই কঠিন সময়ে শিল্পীর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। 

পারিবারিক সূত্র জানায়, গত মে মাসে পর্তুগালের ফারো শহরে জরুরি অন্ত্রের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বনি টাইলার। অস্ত্রোপচারের পর তাকে কৃত্রিম কোমায় রাখা হয় এবং তার নির্ধারিত গ্রীষ্মকালীন কনসার্ট সফরও স্থগিত করা হয়েছিল। জুনে কোমা থেকে জেগে উঠলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই কিংবদন্তি।

১৯৫১ সালের ৮ জুন ওয়েলসের স্কিউয়েনে গেইনর হপকিন্স নামে জন্মগ্রহণ করেন বনি টাইলার। পরে ট্যালেন্ট স্কাউট রজার বেলের হাত ধরে সংগীতজগতে তার যাত্রা শুরু হয়। ১৯৭৭ সালে ‘লস্ট ইন ফ্রান্স’ গান এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টার্টস টুনাইট’ অ্যালবামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন তিনি। 

ক্যারিয়ারের শুরুতেই স্বরযন্ত্রে এক জটিল অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের পর তার কণ্ঠে যে স্বতন্ত্র কর্কশতা বা ভাঙা ভাব তৈরি হয়েছিল, সেটিই পরবর্তীতে বিশ্বজুড়ে তার পরিচয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়।

আশির দশকে বিখ্যাত প্রযোজক ও গীতিকার জিম স্টেইনম্যানের সঙ্গে কাজ শুরু করার পর বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান বনি টাইলার। ১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। গানটি যুক্তরাজ্যে সে সময়ের অন্যতম সর্বাধিক বিক্রীত সিঙ্গেল ছিল এবং যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ তালিকায় টানা চার সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে। 

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের চার্টে এক নম্বরে ওঠা প্রথম ওয়েলশ শিল্পী হিসেবে ইতিহাস গড়েন তিনি। এর পরের বছর ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানটি হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘ফুটলুজ’-এর সাউন্ডট্র্যাকে স্থান পেয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।


দীর্ঘ সংগীতজীবনে তিনবার মর্যাদাপূর্ণ গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন বনি টাইলার। ২০১৩ সালে ‘বিলিভ ইন মি’ গান নিয়ে ইউরোভিশন সং প্রতিযোগিতায় যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০২১ সালে প্রকাশিত ‘দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম’ ছিল তার শেষ স্টুডিও অ্যালবাম এবং ২০২৩ সালে তিনি প্রকাশ করেন নিজের আত্মজীবনী ‘স্ট্রেইট ফ্রম দ্য হার্ট’। 

একই বছর সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তাকে ‘মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই)’ সম্মানে ভূষিত করা হয়। 

ব্যক্তিজীবনে ১৯৭৩ সালে ব্যবসায়ী রবার্ট সুলিভানকে বিয়ে করেন বনি টাইলার। মৃত্যুর সময় তিনি তার স্বামীকে রেখে গেছেন। এই গুণী পপ তারকার প্রয়াণে বিশ্ব সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   না ফেরার দেশ  টোটাল ইক্লিপস অব দ্য হার্ট  পপ তারকা  বনি টাইলার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: