চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে অনিকেত দাস নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বিষধর সাপের কামড়ে আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌরসভার মোহাম্মদপুর এলাকায় শিশুটি পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় আশিষ কুমার দাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অজান্তে অনিকেত বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আদরের ছোট সন্তানের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এবং পৌরসভার দেওয়াননগর গ্রামে বিষধর সাপের কামড়ে পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন আশরাফুল ইসলাম (২১), আজম (৫০), নিজাম (১৮), তনিমা (২৫) ও নিশান মালাকার (১৬)। তাদের মধ্যে আজম ও নিশান মালাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গুরুতর আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
সময়ের আলো/আরবিএন