সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গ্রীনহাউজ-সদৃশ পদ্ধতিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। তাপ ও বৃষ্টিপ্রতিরোধী বিশেষ তারজালি দিয়ে ঘেরা বেষ্টনীর ভেতরে গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল। অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় সুপারি বাগানের ভেতরে তাপ ও বৃষ্টিপ্রতিরোধী তারজালি দিয়ে তৈরি গ্রীনহাউজ-সদৃশ কাঠামো থেকে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে ব্যবহৃত বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তার ছেলে রুবেল হোসেন (২৫) দীর্ঘদিন ধরে সেখানে গাঁজার চাষ করে আসছিলেন। তবে অভিযানের খবর পেয়ে তারা সীমান্তের কাঁটাতারের নিচে থাকা একটি ড্রেনেজ পথ দিয়ে ভারতে পালিয়ে যান।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় কিছু মাদক কারবারি ভারতীয় গাঁজার ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই গাঁজা উৎপাদনের চেষ্টা করছে। মাদকের উৎস নির্মূলে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজা গাছ ও অন্যান্য আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আরবিএন