
চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়ি আটকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়। এ সময় গাড়িতে আঘাত করার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার হেয়াকো বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হেয়াকো বাজারের পুরোনো কৃষি ব্যাংক ভবনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তাদের প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসার পর ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষুব্ধ হয়ে তারা গাড়ি আটকে বিক্ষোভ করেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য বাজার এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকা ত্যাগ করেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। উপজেলা সদর থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে। সেখানে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়িতে আঘাত করেন। এমনকি তাদের ওপর হামলারও চেষ্টা করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেয়াকো বাজারের ভাই ভাই জুয়েলার্সের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কার্যালয়সহ কাপড় ও জুতার অন্তত পাঁচটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে এমন অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গাড়ি আটকে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
সময়ের আলো/আরবিএন