বানের জলে ভাসছে মাথা গোঁজার ঠাঁই

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার

2026-07-10T18:31:23+00:00
2026-07-10T18:31:23+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
বানের জলে ভাসছে মাথা গোঁজার ঠাঁই
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম 
ছবি : সময়ের আলো
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার সদর উপজেলার অন্তত ২৫টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের আরও পাঁচটি এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। একই দিন রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় নদীর আরেকটি বাঁধ ভেঙে যায়। এরপর দ্রুত আশপাশের এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ে। শনিবার (১০ জুলাই) সকাল থেকে সদর উপজেলার পইল ইউনিয়নের আরও কয়েকটি নতুন গ্রাম প্লাবিত হয়।

বন্যাকবলিত এলাকার মধ্যে সদর উপজেলার মশাজান, সুলতানশী, যমুনাবাদ, আব্দাখাই, লস্করপুর, হাতিরথান, বনগাঁও, বনদক্ষিণ ও পইল ইউনিয়নসহ অন্তত ৩০টি গ্রাম রয়েছে। অন্যদিকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর, কাবিলপুরসহ পাঁচটি এলাকা পানিতে তলিয়ে গেছে। আকস্মিক বন্যায় অধিকাংশ গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক বাড়িঘরে কোমর থেকে বুকসমান পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যার পানিতে কয়েকশ হেক্টর আবাদি জমির ফসল তলিয়ে গেছে। বিশেষ করে আমন ধানের বীজতলা, বিভিন্ন মৌসুমি শাকসবজি এবং অন্যান্য কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


শনিবার সকালে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, চিড়া ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। দুর্গত মানুষের জন্য নিরাপদ আশ্রয় এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কাজ করছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীর জানান, এ পর্যন্ত প্রায় ৬ হাজার ২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ইতোমধ্যে এক হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, চিড়া ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গত মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে ২০ টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং নদীর পানি আরও বৃদ্ধি পেলে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। তাই দ্রুত বাঁধ মেরামত, পর্যাপ্ত ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হবিগঞ্জ  বন্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: