বাগেরহাটের শরণখোলার লাকুড়তলা গ্রামের একটি ধানখেত থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ওই খেতে স্থানীয় এক কৃষকের মাছ ধরার জন্য পেতে রাখা জালে অজগরটি আটকা পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
শুক্রবার (১০ জুলাই) সাপটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার। নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকা পড়েছিল অজগরটি।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার জন্য তার ধানখেতে পেতে রেখেছিলেন চায়না দুয়ারি জাল। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে অজগরটি। এ সময় উদ্ধারকারী শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দিলে বৃষ্টির মধ্যে তিনি গিয়ে কৌশলে অজগরটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, ধানখেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি। উদ্ধারকারীরা নিয়ে আসার পরে সেটি রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ ফুট লম্বা অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে ধারণা করা হয়।
সময়ের আলো/জোই