দেশের জলভিত্তিক পর্যটন শিল্পের প্রসার এবং বিলাসবহুল জলভ্রমণকে আরও জনপ্রিয় করে তুলতে রাজধানীতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ২য় বাংলাদেশ হাউজবোট ফেয়ার-২০২৬। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুরু হওয়া এ মেলার শেষ দিন আজ (১১ জুলাই)।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে শৈলপ্রপাত হলে এ মেলার আয়োজন করেছে হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি)।
আয়োজকরা বলেন, এটি দেশের সবচেয়ে বড় হাউজবোটভিত্তিক আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের বিলাসবহুল জলভ্রমণ ও জলভিত্তিক পর্যটন শিল্পের সম্ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এ মেলার মূল উদ্দেশ্য।
মেলায় এক ছাদের নিচে মিলছে দেশের শতাধিক হাউজবোট প্রতিষ্ঠানের প্যাকেজ, থাকছে বিশেষ মূল্যছাড় ও আগাম বুকিংয়ের সুযোগ। শুধু পর্যটন নয়, হাওরের পরিবেশ রক্ষা করেই টেকসই জলভিত্তিক পর্যটন গড়ে তোলার বার্তাও দিচ্ছেন আয়োজকেরা।
টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক ও পদ্মাসহ দেশের জলভিত্তিক পর্যটনকে আরও জনপ্রিয় করতে আয়োজন করা হয়েছে এই মেলার। দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে প্যাকেজ, নিরাপত্তা, খাবার, ভ্রমণপথ ও বুকিং-সংক্রান্ত তথ্য জেনে নিজের পছন্দের হাউজবোট বেছে নিতে পারছেন। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ও।
বর্ষাকালকে কেন্দ্র করে সুনামগঞ্জসহ বিভিন্ন হাওর এলাকায় বাড়ছে হাউজবোট ভ্রমণের চাহিদা। সাধারণত দুদিন-একরাতের প্যাকেজে পাঁচ বেলার খাবারসহ নন-এসি বোটে জনপ্রতি খরচ ৪-৮ হাজার এবং এসি বোটে ৮ থেকে ১৪ হাজার টাকার মধ্যে। তাই আগাম বুকিংয়ে বাড়তি আগ্রহ দেখাচ্ছেন ভ্রমণপ্রেমীরা।
প্রসঙ্গত, এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দ্য হাওর সেইল এবং পাওয়ারড বাই ঘুরিং ফিরিং। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এছাড়া মেলার মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দৈনিক সময়ের আলো ও দৈনিক ইত্তেফাক।
সময়ের আলো/জেডআই