রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহত মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই মো. চান মিয়া জানান, প্রায় আট মাস আগে মারিয়ার বিয়ে হয়। তিনি স্বামী সাইফুল ইসলামের সঙ্গে দক্ষিণ গোরানের আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যা থেকে তাদের মা মারিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। পরে সাইফুল ইসলামকে ফোন করলে তিনি বাসায় গিয়ে মারিয়াকে দেখে আসতে বলেন।
তিনি বলেন, পরে তারা বাসায় গিয়ে রান্নাঘরসংলগ্ন বারান্দার মেঝেতে মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় দাগ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।
নিহত মারিয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়নাবাদ পোস্টের হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তার বাবা মো. মহসিন। বর্তমানে তিনি খিলগাঁও থানাধীন দক্ষিণ গোরান এলাকার আলিয়া মাদ্রাসা স্কুলের পাশের একটি বাসার নিচতলায় বসবাস করতেন। তার স্বামী সাইফুল ইসলাম ফুডপান্ডায় চাকরি করতেন।
স্বজনদের অভিযোগ, মারিয়াকে তার স্বামী সাইফুল ইসলাম হত্যা করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আহসানউল্লাহ জানান, রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বারান্দায় মারিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী সাইফুল ইসলাম শ্বাসরোধ করে মারিয়াকে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সময়ের আলো/আরবিএন