দুই মাদক কারবারির সম্পদ ক্রোক, আরও ২০ জন অনুসন্ধানে

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে দুই শীর্ষ মাদক কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে এবং আরও ২০ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2026-07-11T12:30:17+00:00
2026-07-11T12:32:55+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
দুই মাদক কারবারির সম্পদ ক্রোক, আরও ২০ জন অনুসন্ধানে
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ১২:৩২ পিএম
শীর্ষ মাদক কারবারির সম্পদ ক্রোক। ছবি : সময়ের আলো
রাজশাহীর গোদাগাড়ীতে দুই শীর্ষ মাদক কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে এবং আরও ২০ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদক ব্যবসার মাধ্যমে শূন্য থেকে কোটিপতি হওয়া ব্যক্তিদের সম্পদ চিহ্নিত ও বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই স্থানীয় মাদক কারবারিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি আদালতের নির্দেশে শীর্ষ দুই কারবারির সম্পদ ক্রোক করার পর আরও ২০ জনের ব্যাপারে জোর তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে গোদাগাড়ীর তালিকাভুক্ত ১৮৪ জন হেরোইন মাফিয়ার বিরুদ্ধে তদন্ত চালানো হবে। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এবং আইনের আওতায় আসার ভয়ে ইতোমধ্যে অনেক মাদক কারবারি আত্মগোপনে চলে গেছেন।

প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ ও বিশিষ্টজনেরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গত বছরের শেষ দিক থেকে তালিকাভুক্ত মাদক কারবারিদের অবৈধ সম্পদ খোঁজার কাজ শুরু হয়। যাদের বৈধ আয়ের কোনো উৎস নেই। অথচ বিপুল পরিমাণ সম্পদ রয়েছে—তাদের বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ অনুযায়ী মিস পিটিশন মামলা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত সম্পদ ক্রোকের আদেশ দিচ্ছেন। সংশ্লিষ্ট দফতর নিশ্চিত করেছে, গত দুই মাসে দুজনের সম্পদ ক্রোকের আদেশ এসেছে এবং তালিকায় থাকা ১৮৪ জন গডফাদারের বিরুদ্ধে পর্যায়ক্রমে তদন্ত হবে।


গোদাগাড়ীর সহড়াগাছি গ্রামের মাদক কারবারি মো. আবদুল্লাহ ও তার স্ত্রী সায়েরা বেগমের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। সেই মামলায় গত ৬ এপ্রিল রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত এই দম্পতির সম্পদ ক্রোকের আদেশ দেন।

গত ২৩ মে একই আদালত শীর্ষ মাদক কারবারি তারেক হোসেনের ১৯৯ দশমিক ১১৭৫ সহস্রাংশ জমি ক্রোকের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল তারেকের গরুর খামার থেকে সাড়ে ৬ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান।

গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, ক্রোকাদেশ থাকা সম্পত্তি কোনোভাবেই বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আমরা দুজনের ব্যাপারে আদালতের আদেশ পেয়েছি এবং তা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোদাগাড়ী পৌরসভার সাগরপাড়া মহল্লার মাদক কারবারি আবুল কালাম আজাদের বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনকারী এই কালামের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে।

এছাড়া মাদারপুর মহল্লার জাহাঙ্গীর আলম, মহিশালবাড়ীর শহিদুল ইসলাম (ভোদল), রেলগেটের নাসির উদ্দীন ওরফে নয়ন ডাক্তার, তার ভাতিজা সেতাবুর রহমান বাবু এবং ভাগ্নে জসিমের অবৈধ সম্পদের ব্যাপারেও অনুসন্ধান চলছে। সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় এরা সবাই এখন আত্মগোপনে রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, ইতোমধ্যে দুজনের সম্পদ ক্রোক করা হয়েছে এবং আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে। এই বিপুল অবৈধ সম্পদ খুঁজে বের করতে তাদের প্রায় ২০-২২টি সরকারি দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হচ্ছে।

তিনি আরও জানান, যারা তালিকাভুক্ত মাদক কারবারি এবং যাদের আয়ের কোনো বৈধ উৎস নেই কিন্তু বিপুল সম্পদ রয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে। বর্তমানে গোদাগাড়ীর ১৮৪ জন হেরোইন সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীর তালিকা আমাদের দফতরে রয়েছে। একে একে সবাইকে এই তদন্ত ও আইনের আওতায় আনা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদক কারবারি  সম্পদ ক্রোক  গোদাগাড়ী  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: