সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠি পাওয়া গেছে।
শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টায় দরগাহ মসজিদের বারান্দায় মাজারের দানবাক্সের টাকা গণনার সময় মোহাম্মদ জুবায়ের আহমদ স্বাক্ষরিত হাতে লেখা চিঠিটি পাওয়া যায়, যাতে প্রধানমন্ত্রীকে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠির শুরুতে প্রেরক লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই চিঠি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কি না। আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাক। তবে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।’
চিঠিতে বিশেষভাবে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদীর ঘটনার বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বিচার দ্রুত নিষ্পত্তিরও দাবি জানানো হয়েছে।
এছাড়া, চিঠিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
পত্রলেখকের ভাষ্য, ‘বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে, তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’
চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে।
এ বিষয়ে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির কোনো সদস্য তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির সদস্যরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের জেলা প্রশাসক।
সময়ের আলো/মহু