প্রতিকূল আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে টানা ৮ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবারও ট্রলার চলাচল শুরু হয়েছে। এতে টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনের ১৪০ জন বাসিন্দা দ্বীপে ফিরতে পেরেছেন।
শনিবার (১১ জুলাই) সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে দ্বীপে পৌঁছায়।
টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, শনিবার তিনটি ট্রলারে আনুমানিক ১৪০ জন যাত্রীকে সেন্টমার্টিনে পৌঁছে দেওয়া হয়েছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়েছে।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ‘সাগরের পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আটকে পড়া যাত্রীরা সেন্টমার্টিনে যেতে পেরেছেন। পাশাপাশি দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও ট্রলারে করে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/মহু