রাজধানীর মহাখালীতে পরকীয়া সম্পর্কের জেরে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে বনানী থানার মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বাড়ির মালিক মো. সুমন প্রকৌশলী মামুনকে উদ্ধার করে প্রথমে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
বাড়ির মালিক সুমন জানান, দুপুরে ফ্ল্যাটের ভেতর চিৎকার শুনে তিনি এগিয়ে যান। সেখানে মামুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেটে দুটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং পুরুষাঙ্গ কাটা ছিল।
খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া। তিনি জানান, মামুন চলতি মাসের ১ তারিখে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দিয়েছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মালিহাটি গ্রামে তার বাড়ি। মামুনের স্ত্রী শাহিনা আক্তার বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা এবং তিনি গ্রামেই থাকেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করেছে। বিউটির শ্বশুরবাড়িও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এবং মামুনের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। বিউটিরও স্বামী-সন্তান রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শুক্রবার (১০ জুলাই) বিউটি আক্তার ওই বাসাটি ভাড়া নেন এবং আজ সকালেই মামুন সেখানে যান। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল।
সেই সম্পর্কের জের ধরে আজ তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি তার পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার তদন্ত চলছে।
সময়ের আলো/জেডি