রাজধানীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ২য় বাংলাদেশ হাউজবোট ফেয়ার-২০২৬-এর পর্দা নেমেছে আজ। জলভিত্তিক পর্যটনের প্রসার এবং বিলাসবহুল হাউজবোট ভ্রমণকে জনপ্রিয় করতে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভ্রমণ প্যাকেজ, বিশেষ মূল্যছাড় ও পর্যটনের সম্ভাবনা তুলে ধরা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে শুরু হওয়া এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয় শনিবার (১১ জুলাই)। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলাকে দেশের সবচেয়ে বড় হাউজবোটভিত্তিক আয়োজন বলে দাবি করেছেন আয়োজকরা।
তিন দিনব্যাপী এ মেলায় দেশের শতাধিক হাউজবোট প্রতিষ্ঠানের বিভিন্ন ভ্রমণ প্যাকেজ প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্যাকেজ, নিরাপত্তা ব্যবস্থা, খাবার, ভ্রমণপথ ও বুকিং-সংক্রান্ত তথ্য জানতে পারেন। পাশাপাশি আগাম বুকিংয়ে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুবিধাও দেওয়া হয়।
আয়োজকদের ভাষ্যমতে, বাংলাদেশের বিলাসবহুল জলভ্রমণ এবং জলভিত্তিক পর্যটনের সম্ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে হাওরের পরিবেশ সংরক্ষণ করে টেকসই জলভিত্তিক পর্যটন গড়ে তোলার বার্তাও দেওয়া হয়েছে।
মেলায় টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক, পদ্মাসহ দেশের বিভিন্ন জলভিত্তিক পর্যটন গন্তব্যের হাউজবোট ভ্রমণ প্যাকেজ উপস্থাপন করা হয়। বর্ষাকালকে কেন্দ্র করে সুনামগঞ্জসহ বিভিন্ন হাওর এলাকায় হাউজবোট ভ্রমণের চাহিদা বাড়ায় মেলায় দর্শনার্থীদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।
বর্তমানে সাধারণত দুদিন-একরাতের হাউজবোট ভ্রমণ প্যাকেজে পাঁচ বেলার খাবারসহ নন-এসি বোটে জনপ্রতি খরচ পড়ে ৪ থেকে ৮ হাজার টাকা। একই প্যাকেজে এসি হাউজবোটে খরচ হয় ৮ থেকে ১৪ হাজার টাকার মধ্যে।
এবারের মেলার টাইটেল স্পন্সর ছিল দ্য হাওর সেইল এবং পাওয়ারড বাই ছিল ঘুরিং ফিরিং। আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সময়ের আলো ও দৈনিক ইত্তেফাক।
সময়ের আলো/এসএকে