নামাজ পড়ার সময় সন্দেহ সৃষ্টি হতে পারে। মনে হতে পারে রাকাত কম বা বেশি হয়েছে। বিশেষ করে যাদের এ ধরনের সন্দেহ প্রায়ই হয়, তাদের জন্য শরিয়তে নির্দিষ্ট বিধান রয়েছে। তাই এমন পরিস্থিতিতে অজ্ঞতার কারণে নামাজ ছেড়ে দেওয় সঠিক নয়।
যদি বিতরের নামাজে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সন্দেহ হয় যে দুই রাকাত হয়েছে, নাকি তিন রাকাত, এবং কোনো একটি ধারণাই প্রবল না হয়, তাহলে দ্বিতীয় রাকাতেই দোয়ায়ে কুনুত পড়ে বৈঠক করতে হবে। এরপর আরও এক রাকাত আদায় করে সেই রাকাতেও দোয়ায়ে কুনুত পড়তে হবে। নামাজ শেষে সাহু সেজদা করলে নামাজ সহিহ হয়ে যাবে।
কোনো মাসআলা না জানার কারণে যদি কেউ নতুন করে নামাজ শুরু করার ইচ্ছা করেন, তবুও মাঝপথে নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। বরং চলমান নামাজটি পূর্ণ করে সালাম ফিরিয়ে শেষ করতে হবে। এ ক্ষেত্রে ওই দুই রাকাত নফল নামাজ হিসেবে গণ্য হবে।
অতএব, নামাজে সন্দেহ দেখা দিলে নিজের অনুমানের ভিত্তিতে নামাজ ছেড়ে না দিয়ে শরিয়তের নির্দেশনা অনুযায়ী আমল করাই সঠিক। প্রয়োজন হলে আলেমদের কাছ থেকে মাসআলা জেনে নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সঠিকভাবে নামাজ পড়া যায়।
তথ্যসূত্র : খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯, ফাতহুল কাদির ১/৪১০।
সময়ের আলো/এসএকে