কানাডার টরন্টো শহরে একটি বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় মিডটাউন এলাকায় চলমান ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত বাকিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
হঠাৎ এই গুলির ঘটনায় উৎসব এলাকায় আসা মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তদন্তের স্বার্থে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
তবে হামলার উদ্দেশ্য কী ছিল কিংবা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি এবং আহতদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সময়ের আলো/জেডি