সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে টাকা গণনার সময় উদ্ধার হয়েছে এক বেকার যুবকের জীবনযুদ্ধের করুণ গল্প জড়ানো একটি চিঠি। শনিবার (১১ জুলাই) মাজারের দানবাক্স খোলার পর বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারে পাশাপাশি এই হাতে লেখা চিরকুটটি পাওয়া যায়।
চিঠিতে ওই যুবক জানান, একটি চাকরির জন্য তিনি পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, কারারক্ষী, বিজিবি ও ব্যাটালিয়নসহ বিভিন্ন সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ পরীক্ষায় মোট ১৩ বার অংশ নিয়ে ব্যর্থ হয়েছেন। বারবার মাঠে গিয়েও তার চাকরি হয়নি।
চাকরির পেছনে অনেক টাকা নষ্ট করার কথা উল্লেখ করে চিঠিতে তিনি লিখেছেন, ‘আল্লাহ গো, আমি কত চেষ্টা করতাছি একটা চাকরি নেওয়ার জন্য, তাও হয় না। আমি আর পারছি না।’
কাঙ্ক্ষিত চাকরিটি পেতে তিনি শাহজালাল (রহ.) মাজারে একটি খাসি মান্নত করার কথাও চিঠিতে উল্লেখ করেছেন।
যুবকটি তার আকুতিতে লিখেছেন, ‘আল্লাহ, এবার তোমার অলি হজরত শাহজালাল মাজারে আসিয়া খাসি মান্নত করছি, আমি এই মান্নত পূর্ণ করব। তুমি এবার আমার জেল কারারক্ষী চাকরিটা পাইয়ে দেও। আমার মা-বাবার আশা পূর্ণ করে দেও।’
শনিবার মাজারের দানবাক্স ও ডেগ খুলে ১৯ দিনের জমাকৃত অর্থ গণনা করা হয়। এতে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার পাওয়া যায়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এই সব অর্থ জেলা প্রশাসকের নামে খোলা ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।
সময়ের আলো/জেডি