নানা সেন্সর জটিলতা ও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নয়াগণ’। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
চলতি বছরের পোঙ্গাল উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা আটকে যায়। সব বাধা পেরিয়ে ছবিটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। ছাড়পত্রের খবর দিয়ে বিজয় জানান, খুব শিগ্গিরই প্রেক্ষাগৃহে দর্শকদের মুখোমুখি হবেন তিনি।
অভিনয়জগৎ থেকে বিদায় নিয়ে বিজয় ইতোমধ্যেই পুরোপুরি রাজনীতিতে নাম লিখিয়েছেন এবং বিপুল জনসমর্থন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্বও গ্রহণ করেছেন। বিজয় আগেই ঘোষণা দিয়েছিলেন যে ‘জন নয়াগণ’-ই হবে তার অভিনয়জীবনের শেষ সিনেমা। ফলে ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
পরিবেশক সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুলাই যুক্তরাজ্যে সিনেমাটি মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে, একই দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলোতেও ছবিটি একযোগে মুক্তি পেতে পারে। তবে এখনো এর আনুষ্ঠানিক মুক্তির তারিখ চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
এইচ. বিনোদের পরিচালনায় নির্মিত এই সিনেমাটিতে বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামণি। বিশেষ চমক হিসেবে ছবিতে দেখা যাবে বিখ্যাত নির্মাতা অ্যাটলি, নেলসন ও লোকেশ কানাগারাজকে।
সময়ের আলো/জেডি