প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপন করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা।
রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়েছেন ডালিয়া ইসলাম জুই।
স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি শুরু হয় ৩০ জন প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন ১৫ জন। সেখান থেকে সেরা আটজনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র্যাম্প ওয়ার্ক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। এছাড়া বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।
অনুষ্ঠানে সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তার ভাষায়, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়; আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে সেই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চান তারা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রতিভাবান মুখকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।
আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। একই সঙ্গে ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল পরিবেশনায় শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক সন্ধ্যা।
সময়ের আলো/আরবিএন