বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও পরে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর বাকবিতণ্ডা।
ম্যাচের এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে পিনহেইরোর সঙ্গে কথা বলতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। সে সময় মেসি রেফারিকে বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’
এর আগে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান মেসি। পানিবিরতির সময় দলের চিকিৎসকরা তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে চোট তাকে থামাতে পারেনি। পুরো ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ তৈরি করেন তিনি, যদিও গোলের দেখা পাননি।
তবে আর্জেন্টিনার প্রথম গোলটিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল মেসির। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দেন তিনি। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
সময়ের আলো/আরবিএন