রাজধানীর শাহবাগ থানা এলাকার তিনটি ভিন্ন ফুটপাত থেকে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক তিন স্থানে ৩ ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। বেলা ১১টায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ ও অন্যজনের ৫৫ বছর।
এর আগে, একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ধারণা করা হচ্ছে এই তিনজনই ভবঘুরে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
সময়ের আলো/মহু