চলতি বছরেই প্রত্যেক উপজেলা হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাথল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো.

2026-07-12T15:26:33+00:00
2026-07-12T15:26:33+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী
চলতি বছরেই প্রত্যেক উপজেলা হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সংগৃহীত ছবি
চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাথল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তৃণমূল পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালিসিস সেন্টার স্থাপনের পাশাপাশি এই ক্যাথল্যাব চালুর উদ্যোগ নিয়েছে সরকার

রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল বা ত্রুটিপূর্ণ রোগ নির্ণয় বন্ধ করতে ল্যাব পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। 

একই সাথে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগের কাজ চলছে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী স্বাস্থ্যবিষয়ক কাউন্সেলিং করবেন। 

মন্ত্রী তার বক্তব্যে দেশের স্বাস্থ্য খাতের আরও কিছু পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— জেলা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন। 

এ ছাড়া প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য সহকারী কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সংস্কার করে উন্নত স্ক্রিনিং বক্সের ব্যবস্থা করা হবে।


তরুণ প্রজন্মকে সুস্থ ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, তরুণদের অবক্ষয় রোধে মাদকবিরোধী, অনলাইন জুয়াবিরোধী এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর আইন পাস করা হয়েছে। সমাজ থেকে সব অনিয়ম দূর করে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

দেশের চিকিৎসকদের মেধার প্রশংসা করে মন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সফল ও জটিল অপারেশনের উদাহরণ দেন এবং বলেন, বিশ্বের উন্নত দেশের সমকক্ষ সেবা এখন বাংলাদেশেই মিলছে। 

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চলতি বছর  উপজেলা হাসপাতাল  ক্যাথল্যাব  স্থাপন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: